সংগীত বিভাগের ৯০ মিনিটের বিলম্বে এলোমেলো জবি দিবসের সূচি, ক্ষুব্ধ ব্যান্ডগুলো

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৯০ মিনিট সময় নেয় সংগীত বিভাগ। এতে সময়সূচিতে পরিবর্তনের ফলে বড় ধরনের প্রভাব পড়ে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোর পরিবেশনায়।
পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগে অফসাইড, কিম্ভুত,স্বরূপ, কোমল গান্ধার ব্যান্ড প্রশাসনের আয়োজনে ভবিষ্যতে আর কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায় বলছেন, বৃষ্টি, সাউন্ড সিস্টেম প্রস্তুতে বিলম্ব, মাইক্রোফোনের স্বল্পতা ও আমন্ত্রিত নৃত্যদলের দেরিতে পৌঁছানোর কারণে তাদের পরিবেশনা পিছিয়ে যায়।
গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটির প্রাথমিক সূচি অনুযায়ী, বিকেল ৩টা ২০ মিনিটে সংগীত বিভাগের মঞ্চ ছাড়ার কথা থাকলেও তারা অতিরিক্ত ৯০ মিনিট পর বিকেল ৪টা ৫০ মিনিটে মঞ্চ ছাড়ে এবং নাট্যকলা বিভাগ নির্দিষ্ট সময়ের চেয়ে ৬ মিনিট দেরীতে মঞ্চ ত্যাগ করে বলে জানান জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, এতে পরবর্তী পরিবেশনাগুলোর সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়ে।
অফসাইড ব্যান্ডের ভোকালিস্ট মাহমুদ হাসান আরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, জকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতির ব্যক্তিগত আক্রোশের কারণে অন্য ব্যান্ডগুলোর তুলনায় তাদের কম সময় দেওয়া হয়েছে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অধীনে আর কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও জানান।
তবে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ অস্বীকার করে তাকরিম আহমেদ বলেন, তিনি জকসুর সাংস্কৃতিক সম্পাদক ও অনুষ্ঠানের পরিচালক হিসেবে প্রশাসনের নির্দেশনা অনুসারেই দায়িত্ব পালন করেছেন।
তাকরিমের ভাষ্য অনুযায়ী, ব্যান্ডগুলোর পরিবেশনা বিকেল ৪টা ৪০ মিনিট থেকে শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা শুরু হয় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। পরে নগরবাউল জেমসের পরিবেশনার জন্য দ্রুত মঞ্চ খালি করার প্রশাসনিক নির্দেশনা আসে।
ফলে প্রতিটি ব্যান্ডকে ১৫ মিনিট করে সময় দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। অফসাইড ব্যান্ড সাউন্ড চেক করতেই ১৬ মিনিট সময় নেওয়ায় তাদের পরিবেশনার সময় আরও সংকুচিত হয়ে পড়ে। একপর্যায়ে কিম্ভূত ও স্বরূপ ব্যান্ডও একটি করে গান পরিবেশন করে মঞ্চ ছাড়ে।
এদিকে, নাট্যকলা বিভাগের অতিরিক্ত ছয় মিনিট সময় নেওয়ার দায় স্বীকার করেছেন বিভাগটির চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা পরিকল্পনা অনুযায়ী অংশ নিতে না পারায় শিক্ষক হিসেবে তিনিও বিব্রত। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায় বলেন, মঞ্চ প্রস্তুতে বিলম্ব, বৃষ্টির আশঙ্কায় সাউন্ড সিস্টেম ঢেকে রাখা, পর্যাপ্ত মাইক্রোফোনের অভাব এবং আমন্ত্রিত নৃত্যদলের দেরিতে পৌঁছানোর কারণে তাদের পরিবেশনা শুরু করতে বিলম্ব হয়।
তিনি বলেন, “কোনো ঘটনাই ইচ্ছাকৃত নয়, পরিস্থিতির কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে। জেমসের মতো একজন শিল্পীকে অপেক্ষায় রাখা সমীচীন মনে হয়নি। তাই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তার প্রতি সম্মান রেখে আমরা পরিবেশনা সংক্ষিপ্ত করেছি।”
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে বিভাগের দূরত্ব তৈরি হোক, তা তারা চান না। ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
