জয়পুরহাট জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন গোলাম কিবরিয়া মন্ডল

জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নবনির্বাচিত জেলা আমীর হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের আব্বাস আলী খান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চলের পরিচালক এ টি এম আজহারুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ ছাড়া অনুষ্ঠানে জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ ও জেলা মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে ২০০০ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর সংগঠনের একটি ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি, ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত জেলা সাংগঠনিক সেক্রেটারি, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলা সহকারী সেক্রেটারি এবং ২০১৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এ ছাড়া ২০২১ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের ধারাবাহিকতায় এবার জেলা আমীরের দায়িত্ব পেলেন তিনি।
নতুন আমীরের নেতৃত্বে জয়পুরহাট জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
