প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

আপডেট: November 12, 2026 |
fgfdfg 5
print news

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে দুই শীর্ষ নেতার মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামোগত ও শিল্প খাতে চীনের বিনিয়োগ বৃদ্ধি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পায়। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ সম্মেলন প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এবং পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এ ছাড়া সফরসূচি অনুযায়ী সন্ধ্যায় সম্মেলনে আগত বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত জাতিসংঘের কপ৩১ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজকেরা। আনুষ্ঠানিক উদ্বোধনী অধিবেশন শুরুর প্রাক্কালে লিডার্স লাউঞ্জে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share Now