ঠাকুরগাঁওয়ে নতুন সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে: ডিসি রফিকুল হক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের নিয়োগ বাতিলের কোনো নির্দেশনা এখনো আসেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল হক। তিনি দাবি করেছেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোনো নিয়োগের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পীরগঞ্জ উপজেলা সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এ কথা বলেন।
সম্প্রতি ঠাকুরগাঁও জেলার ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতার স্ত্রী ও সন্তানদের নামেও ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে জেলা প্রশাসক জানান, এখন পর্যন্ত তাঁর কাছে কোনো অভিযোগ বা নিয়োগ বাতিলের সরকারি নির্দেশনা আসেনি।
অভিযোগ পাওয়া গেলে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ প্রমাণিত হলে নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।
ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
সফরের শুরুতে জেলা প্রশাসক পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা এবং গরুর হাট ও ছাগলের হাট পরিচালনাসহ নানা বিষয় তুলে ধরলে তিনি তা শুনে সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে বাজারে চুরি ও মাদক প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক থাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।
পরে তিনি পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে কোচিং ও প্রাইভেটনির্ভরতা কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানমুখী হওয়ার আহ্বান জানান।
মাদক ও অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর জোর
মাদক নির্মূল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সামাজিক সংগঠনের মাধ্যমে কমিটি গঠন করে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রধি ও সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সফরের শেষ পর্যায়ে জেলা প্রশাসক পীরগঞ্জ থানা পরিদর্শন করেন। সেখানে পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




