সুলতানুজ্জামান সেলিমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগসংবলিত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সুলতানুজ্জামান সেলিম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়া একটি পোস্টে লোহাগড়া উপজেলার শালনগর মডার্ন একাডেমিতে শিক্ষক নিয়োগের কথা বলে ২৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়। পোস্টটির সঙ্গে সুলতানুজ্জামান সেলিমের একটি ছবি সংযুক্ত করা হয়েছে।
তবে সেলিমের দাবি, প্রচারিত ছবিটি সম্পাদিত (এডিট করা)। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় গ্রুপিংয়ের জেরে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত কিছু ব্যক্তি বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এর মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।
এদিকে, এ ধরনের মিথ্যা ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সুলতানুজ্জামান সেলিম। ইতিমধ্যে তিনি বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এবং অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ বা ছবি যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি উঠেছে।




