ইবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রাকিব-তাওফিক

আপডেট: November 23, 2026 |
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ এন্ড ল বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব আল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ তাওফিক মনোনীত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সামাদ, সাবেক সভাপতি হাফেজ ইদ্রিস আলী এবং সাবেক সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন নিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সভাপতির দায়িত্ব পেয়ে সবার প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়ে সাকিব আল হাসান রাকিব বলেন, “আমার কাছে এই সমিতি শুধু একটি সাংগঠনিক পরিচয় নয়; এটি আমাদের একটি পরিবার, ভালোবাসা ও আত্মিক বন্ধনের ঠিকানা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভালোবাসার এই ১৭৫ একরের বিশাল প্রাঙ্গণে আমাদের পারস্পরিক মেলবন্ধনের এক অনন্য আশ্রয়স্থল। নতুন সভাপতি হিসেবে আমার প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”

তিনি আরো বলেন, “আমি সভাপতি হিসেবে নয়, আপনাদেরই একজন হয়ে পাশে থাকতে চাই। ক্যাম্পাসে জেলা ছাত্রকল্যাণ সমিতির উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে জেলার সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

Share Now