মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার এসকে গ্রুপ

মাতারবাড়ীর এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে গ্রুপ।
সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহ তুলে ধরে বলে সরকারপ্রধানের উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কোম্পানিটি।
“বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরে। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।”
উপপ্রেস সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী এসকে গ্রুপের কথা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।’’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘তার সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান।’’
এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উপপ্রেস সচিব বলেন, “প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলে জানান।”
সাক্ষাতের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংও সেখানে ছিলেন।
