ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (৩২)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রুহিয়া থানার ২০১৯ সালের ৮ নভেম্বরের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে আদালত তাকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
