জয়পুরহাটে অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের জার্সি বিতরণ

আপডেট: November 24, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: পাবনা জেলায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬–২০২৭’-এ অংশগ্রহণের লক্ষ্যে জয়পুরহাট জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে এ জার্সি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং জেলা ক্রিকেট কোচ মনোয়ার হোসেন নিপু।

​জার্সি বিতরণকালে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়তা করে।

জয়পুরহাটের তরুণ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জেলার সুনাম বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।

​জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল বলেন, মাঠের লড়াইয়ে জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা ও দলগত ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাস নিয়ে খেললে জয়পুরহাট দল এই প্রতিযোগিতায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে।

​এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও খেলোয়াড়দের পাশে থাকবে।

​অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

Share Now