মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখল করে বসা হকারদের ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
এ সময় পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।
এর আগে গত ২০ অক্টোবর অভিযান চালিয়ে মিরপুর-১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত করা হয়। তবে গত কয়েক দিন ধরে পুনরায় ফুটপাত দখল করে বসতে শুরু করেন হকাররা। খবর পেয়ে আজ আবারও উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।
অভিযান চলাকালে মিরপুর-১০ নম্বরের ফুটওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন প্রশাসক। এ সময় দ্রুত সংস্কারকাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
