বাবার মৃত্যুর খবরে দেশে ফিরেই গ্রেফতার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

আপডেট: February 12, 2021 |
print news

হত্যার হুমকির মামলা মাথায় নিয়ে বিদেশে অবস্থান করা সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার বাবার মৃত্যুর খবরে দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন।

আজ শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই দেশ ছাড়েন। নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল।

এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন।

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর