মার্কিন সামরিক বিমানে জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখা হলো ‘রিচ’

আপডেট: August 26, 2021 |
print news

আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সহযোগী আফগানদের সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পরিচালনা করা সামরিক বিমানে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ’।

যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টড উলটার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সি-১৭ ক্যাটাগরির জরুরি বিমানকে সাধারণত অন্যান্য বিমান ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়। শিশুটির বাবা-মায়ের পছন্দেই মূলত এমন নাম রাখা হয়েছে।

আফগানিস্তানে উপদ্রুত মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা বিষয়ক কর্তৃপক্ষ ইউএস এয়ার মোবিলিটি কমান্ড এক টুইটে জানিয়েছিল, কাবুল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগের কয়েক ঘণ্টা পরই প্রসব বেদনা ওঠে এক আফগান নারীর।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮ হাজার মিটার ওপরে অবস্থান করায় বিমানটিতে অক্সিজেনের কিছু ঘাটতি দেখা দিয়েছিল। দ্রুত পাইলট বিমানটি কিছুটা নিচে নামিয়ে আনার পর তা সমাধান হয়।

বিমানটি আকাশে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেন ওই নারী। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো মেডিকেল সহযোগিতা দেওয়ার ব্যবস্থা না থাকায় জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয় মার্কিন সামিরক বাহিনীর বিমানটির পাইলট। খবর সিএনএন

বৈশাখী নিউজ/ এপি

Share Now