গাজীপুরে প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে প্রেমিকার আত্মহত্যার দুইদিন পর আত্মহত্যা করেছেন প্রেমিক।
আজ বুধবার ভোর ৪ টায় পূবাইলের হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত প্রেমিক ফাহিম হোসেন শান্ত পূবাইল থানার হারবাইদ এলাকার খলিলুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, একই এলাকায় আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে একই এলাকার খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুদিন আগে মেয়েটি গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন তিনি। এর পর বুধবার প্রেমিক শান্ত আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা বলেন, ‘তাসমিম আত্মহত্যা করার পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। মেয়েটি আত্মহত্যা করার ফলে শান্ত মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। আমরা নজরে রেখেছিলাম। আজ ভোরে নামাজ পড়ার সুযোগে শান্ত বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ‘এক যুবক আত্মহত্যা করেছে- এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’








