বাসের ধাক্কায় গুরুতর আহত জবি শিক্ষার্থী

মোঃ আরিফ হোসাইন, জবি প্রতিনিধ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাসে করে বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ আকাশ। আহত আকাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং পরে বঙ্গবন্ধুর মেডিকেলে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় ছুটির পর দুপুর ৩.৩০ টায় এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম জানান, আহত আকাশ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে একটি মেসে ভাড়া থাকতেন।
শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে তিনি তার নানুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসের সাথে হাত লেগে তার হাতের তিনটি আঙ্গুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে তার হাতের প্রাথমিক সার্জারি করা হয়।
চিকিৎসকগণ তাকে প্রতি দুই দিন পর পর ড্রেসিং করার পরামর্শ দেন এবং তারা এক সপ্তাহ পরে পুনরায় চেকআপ করাবেন। সার্জারি করে শরীরের অন্য কোন অংশ থেকে মাংস নিয়ে আঙ্গুলে প্রতিস্থাপন করতে হবে কিনা এ ব্যাপারে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ইতিমধ্যে বিষয়টি ভাইস-চ্যান্সেলর কে জানানো হয়েছে। তিনি আহত আকাশের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। যদি পরবর্তীতে সার্জারি করতে হয় সে ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করবে।’


