সিংগাইরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাজু গ্রেপ্তার


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে গাজীর গান গাওয়া নিষেধ ও অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্কে বাঁধা এবং যৌতুক না দিতে পারায় স্বামী রাজু মন্ডলের হাতে প্রাণ দিতে হয়েছিল এক সন্তানের জননী মুক্তা আক্তারকে।
স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকা স্বামী রাজু মন্ডলকে এক মাস পর রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছেন পুুলিশ।
রোববার (১৬ এপ্রিল) রাতে সিংগাইর থানা পুলিশ রাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে আলোচিত মুক্তা হত্যা মামলার ৫জন আসামিই গ্রেপ্তার হলো।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে , গত ১২ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামে রাজু মন্ডল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী মুক্তা আক্তারকে শ্বাসরোধ ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর রাজু পালিয়ে যায়।
এই ঘটনায় মুক্তা আক্তারের মা রৌশন আরা বাদি হয়ে রাজুকে প্রধান আসামি করে ৫ জনের নামে মামলা করেন। ঘটনার দুই দিন পর পুলিশ রাজুর বাবা পলাশ মন্ডল মা আকলিমা খাতুন, ভাই বাদল মন্ডলকে গ্রেপ্তার করেন। আরেক ভাই আকাশ মন্ডল ১০ এপ্রিল আদালতে আত্মসর্মপন করেন।
মামলার প্রধান আসামি পলাতক থাকায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সর্বশেষ থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালোর নেতৃত্বে রোববার বিকেল সাড়ে তিন টার দিকে প্রধান আসামি রাজু মন্ডলকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, আলোচিত মুক্তা হত্যাকান্ডের প্রধান আসামী রাজু মন্ডলকে একমাস তিন দিন পর গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তার স্ত্রী মুক্তাকে হত্যার দায় স্বীকার করেছেন। সোমবার (১৭ এপ্রিল) আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে ।

