চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট: May 18, 2023 |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 1
print news

নিজ শহর পাবনায় চারদিনের সফর শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ঢাকায় ফিরেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে গত ১৫ মে থেকে রাষ্ট্রপ্রধান চার দিনের সফরে ছিলেন। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। সূত্র: বাসস

Share Now