বিভিন্ন প্রজাতির মরা মাছে ছেয়ে গেছে সমুদ্র সৈকত

আপডেট: June 27, 2023 |
inbound592973300650644686
print news

বিভিন্ন প্রজাতির মরা মাছে ছেয়ে গেছে থাইল্যান্ডের একটি সমুদ্র সৈকত। জীবনে এত মরা মাছ দেখেননি দেশটির সমুদ্র উপকুলে বসবাসকারী মানুষজন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনার জন্য দায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন।

কাসেটসার্ট ইউনিভার্সিটির থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা, যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং তার অভাবে মাছ মারা যেতে থাকে। কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা হাজার হাজার বছর থেকে লাখ বছরে প্রকৃতিগতভাবেই ঘটে থাকে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্ল্যাঙ্কটন ব্লুম বছরে দু-একবার ঘটে এবং সাধারণত দুই-তিন দিন থাকে। এ বিষয়টি আরও বিচার-বিশ্লেষণ করে দেখার জন্য কর্মকর্তারা সমুদ্রের পানি সংগ্রহ করেছেন।

এ বছর বিশ্বজুড়েই সমুদ্রের পানির তাপমাত্রা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটিশ আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা এপ্রিল এবং মে মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এল নিনো ও মানুষের সৃষ্টি করা জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র : আজকাল

Share Now