গাজীপুরে আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আবারও গাজীপুর-জয়দেবপুর চৌরাস্তা সড়ক অবরোধ করেছেন স্টাইল ক্রাফট লিমিটেডের পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।
আজ বুধবার (০২ আগস্ট) সকাল ৮টা থেকে ওই সড়কের লক্ষ্মীপুরা এলাকায় তারা অবরোধ করে। এতে ঢাকা জয়দেবপুর রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এরআগে সকাল ৮ টার পর শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ করে।
কারখানা শ্রমিকরা জানায়, এই কারখানায় ৩ হাজার শ্রমিক কাজ করে। গত জুন ও জুলাই দুই মাসের বেতন দেয়নি এবং গত দুই বছরের ছুটির টাকাও দেয়নি।
গতকাল বিকেলে বেতন দেওয়ার কথা কিন্তু দুপুরের পর কারখানা কর্মকর্তা ও মালিক পক্ষ পালিয়ে যায়। সকালে এজন্য আমরা আন্দোলন করছি।
ওই কারখানা শ্রমিক আরিফুর রহমান বলেন, গতকাল মাইক দিয়ে ঘোষণা দিলো বেতন দিবে। পরে বিকেলে তারা পালিয়েছে।
আমরা সকালে এসে দেখি কাটখানা গেট বন্ধ, নোটিশ দেওয়া আছে ৭ দিনের বন্ধ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল ইসলাম বলেন, কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছে।
আমরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছি এবং মালিকপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি।
তবে এ বিষয়ে মালিক পক্ষের কারও সাথে যোগাযোগ করা যায়নি। একই দাবিতে এর আগেও বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছিলেন ওই কারখানার শ্রমিকরা।


