‘শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ের বন্দরে পৌঁছাবে আ.লীগ’

শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’য় এই মন্তব্য করেন তিনি।
রীতি অনুযায়ী সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আবারও সন্ত্রাসী কার্যক্রমও চালানোর চেষ্টা করা হচ্ছে৷
বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না৷ ভয় পাবেন না৷ ভয় পাওয়ার কোনো কারণ নেই৷
বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই৷ তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি৷ ভয় নেই শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ।
গণভবনে বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, দেশকে কখনোই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেয়া হবে না৷
এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হোন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো আছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি।
বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবু সব সামলে নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না। শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি।
উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন; ইয়েস আমরাই পারি।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
এর আগে গতকাল শনিবার (৫ আগস্ট) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।











