বগুড়ায় অপহ্নত স্কুলছাত্রী ১৭ দিন পর উদ্ধার, যুবক গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধনুট উপজেলায় অপহ্নত স্কুলছাত্রী(১৪) কে অপহরণের ১৭ দিন পর ঢাকার সভার এলাকা থেকে উদ্ধার এবং একই সাথে অপহরণকারী বখাটে আব্দুল মোমিন(২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে ধনুট থানা থেকে গ্রেফতারকৃত আব্দুল মোমিনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একই সাথে স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল থেকে তাকে জবানবন্দি রেকর্ড জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, অপহরণের শিকার উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের ওই স্কুলছাত্রী স্হানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের যাতায়াতের পথে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্হলবাড়ি গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে আব্দুল মোমিন মেয়েটিকে উত্যাক্ত করতো।
এক পর্যায়ে গত ২ আগস্ট সকাল ৯ টার দিকে ওই স্কুলছাত্র বাড়ি থেকে বিদ্যালয়ের পথে রওনা হয়।
পথিমধ্যে কালেরপাড়া সড়কের গোয়ালবাড়ি পাকা রাস্তার মোড়ে পৌঁছিলে আব্দুল মোমিন ও তার সহযোগীরা স্কুলছাত্রকে অপহরণ করে সিএনজি যোগে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই অপহ্নত স্কুলছাত্রীর ভাই বাদি হয়ে থানায় লেখিত অভিযোগ দেন।
ঘটনার ১৭ দিন পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।
এ সময় সেখানে থাকা অপহরণকারী বখাটে আব্দুল মোমিনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার রাতে
স্কুলছাত্রীর ভাই বাদি হয়ে ধনুট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ওই মামলায় আব্দুল মোমিনসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, অপহ্নত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আদালতে তার জবানবন্দি রেকর্ড হবে। আব্দুল মোমিনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
