আগামী মাসে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

দু’দিনের সফরে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বরে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আজ মঙ্গলবার সকালে সফরের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
তিনি বলেন, ৯ ও ১০ সেপ্টেম্বরের ভারতের দিল্লিতে জি–টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে ঢাকা সফর করবেন লাভরভ।
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলোর সরাসরি বিরোধিতা করে নিজের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া।
বাংলাদেশের দিক থেকে ইতিবাচক বার্তার পর এবার জি–টুয়েন্টি শীর্ষ সম্মেলনের আগে মস্কো ঢাকায় লাভরভের সফরের প্রস্তাব পাঠায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর বৈঠক হবে।
দুই দেশের সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয় আলোচনায় স্থান পাবে।
গত বছরের এপ্রিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিভিন্ন দেশ সফর করছেন।
সে সময় থেকেই ঢাকার রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে এ সফর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে।
গত বছরের নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ঢাকা সফর বাতিল করে মস্কো।
