জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

আপডেট: September 6, 2023 |
inbound811195751745824252
print news

জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার এ বাণী দেন তারা।

দেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জন্মাষ্টমী সনাতন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজ সংস্কারক।

তিনি বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিলো শ্রীকৃষ্ণের মূল দর্শন। সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং এ সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিলো সমাজে ভ্রাতৃত্ব এবং সাম্য প্রতিষ্ঠা করা। তিনি আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে মানুষের আরাধনা করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। এদেশে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি- ধর্ম যার যার, উৎসব সবার। সব শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সব সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

সরকারপ্রধান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব, প্রতিষ্ঠা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর