মমতাজকে নৌকার প্রার্থী ঘোষণা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদকের

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো ৪ মাস বাকি। ক্ষমতাসীন আওয়ামীলীগ এখনও তাদের দলীয় প্রার্থী চুড়ান্ত করেনি।
তার আগেই মানিকগঞ্জ-০২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনে নৌকার প্রার্থী ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্ঠশিল্পী মমতাজ বেগমের জন্য নৌকায় ভোট চেয়ে পোস্ট দিয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মোঃ শহিদুর রহমান (ভিপি শহিদ) তার ফেসবুক আইডিতে “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব মমতাজ বেগম এমপিকে নৌকা মার্কায় ভোট দিন” লিখে পোস্ট দেন। পোস্টে নৌকা প্রতীক ও ব্যবহার করা হয়।
এতে মমতাজ সমর্থকরা উৎফুল্ল হলেও বিরুপ প্রতিক্রিয়া দেখা যায় আওয়ামীলীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও তার কর্মী-সমর্থকদের মধ্যে।
অনেকেই বলেন, এই পোস্টের কারণে দলীয় কোন্দল আরো বৃদ্ধি পাবে।
এ বিষয়ে মোঃ শহিদুর রহমান (ভিপি শহিদ) বলেন, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া গ্রীন সিগন্যালের ভিত্তিতে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ পোস্ট দিয়েছি।
এ দিকে, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দেয়া এ পোস্ট নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ও দায়িত্বশীল নেতারা।
উপজেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম বলেন, নৌকার মনোনয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
এমপি মমতাজ কানাডাতে অবস্থান করছেন। এই মূহুর্তে এমন পোস্ট জনগনকে বিভ্রান্ত করা ও বাটপারি ছাড়া কিছুই না।
অপরদিকে, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য মুশফিকুর রহমান খান হান্নান বলেন, মনোনয়ন দিবেন জননেত্রী শেখ হাসিনা।
সেক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত উপেক্ষা করে কেউ যদি এটা করে তবে তা জাতীয় শৃঙ্খলা বিরোধী কাজ হিসেবে গন্য হবে।
মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, নির্বাচন এখনও অনেক বাকী। যারা এ ধরনের অপপ্রচার চালায় তারা জনগনের সাথে প্রতারণা করছেন।
এ প্রসঙ্গে আরেক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক দেওয়ান সফিউল আরেফিন টুটুল বলেন, উপজেলা সাধারন সম্পাদক শহীদ যে কাজটি করেছেন একই কাজ জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন সাহেব কেন্দ্রিয় নেতাদের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে চেয়ারম্যানদের উপস্থিতিতে আরেকজনকে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করেছেন।
এরা শুধুই চাটুকারিতাসহ সংগঠন বিরোধী কাজ করছেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগের একটি পার্লামেন্টারী বোর্ড আছে, সেই বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একমাত্র তিনিই দলীয় মনোনয়ন দিবেন। অপরদিকে, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিনকে একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম কানাডায় অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।















