ঢাকাসহ ১২ জেলায় তাপদাহ অব্যাহত থাকবে

আপডেট: September 17, 2023 |
inbound5221551006748999534
print news

রাজধানীসহ দেশের ১২টি জেলার ওপর চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময়ে ভারী বৃষ্টির কোনো আভাস নেই বলেও জানানো হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ২৮ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর