ভিসা নিষেধাজ্ঞা আমাকেও দিয়েছে: রাঙ্গা

আপডেট: September 26, 2023 |
inbound201191571359784731
print news

কে বা কারা পড়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায়- সেই আলোচনা এখন সবখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাজন নানা তালিকা শেয়ার করছেন।

অবশ্য এসবের কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। ভিসা নিষেধাজ্ঞায় কারা পড়ছেন সেটা জানারও তেমন সুযোগ নেই। কেননা যুক্তরাষ্ট্র এটা প্রকাশ করবে না।

শুধু সংশ্লিষ্ট ব্যক্তিরাই জানতে পারবেন। এই অবস্থায় জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বীকার করলেন- তিনি মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন বলে জানতে পেরেছেন। তবে এতে তিনি অখুশি নন বলেও মন্তব্য করেন।

সোমবার একটি গণমাধ্যমের কাছে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত আলোচিত এই নেতা অকপটে স্বীকার করেন ভিসা নিষেধাজ্ঞায় পড়ার কথা।

রাঙ্গা বলেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না।’

জাপার এই সাবেক নেতা বলেন, ‘আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

ভিসানীতির বিষয়ে তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছি, এমন তথ্য পেয়েছি। এটা আমেরিকার নিজস্ব বিষয়।

আমার দেশে যদি কাউকে আসতে না দিই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নাই।

আমি মনে করি এটা দেশের জন্য ভালো। আমি এটাকে ভালোই বলছি। নির্বাচনে এর প্রভাব পড়ার কোনো সুযোগ নেই।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বাংলাদেশে বিধিনিষেধ আরোপের কথা জানায়।

এর আগে গত মে মাসে ভিসানীতি ঘোষণা করে দেশটি। তখন বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী বা জড়িত বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই ব্যক্তিদের মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর