জনবল সংকটে ভুগছে ইন্দুরকানী এলজিইডি দপ্তর

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: জনবল সংকটে ভুগছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা এলজিইডি দপ্তর। গুরত্বপূর্ণ পদ গুলোতে দীর্ঘদিন যাবত জনবল না থাকায় স্থবির হয়ে পড়েছে এলজিইডির উন্নয়ন কার্যক্রম।
উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায়, এই দপ্তরে ২১টি পদের মধ্যে ১৪টি শূন্য। বিশেষ করে উপসহকারী প্রকৌশলী ৫টি পদের ৫টিই শূন্য।
এছাড়া হিসাব শাখায় ৮টি পদ শূন্য ও কার্য সহকারী ৫টি পদের মধ্যে ৩টি পদ শূন্য থাকায় নিয়মিত দপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।
উপজেলার বিভিন্ন প্রকল্পের একশ কোটিরও বেশি টাকার নির্মাণ কাজ চলমান রয়েছে, যা দেখভাল করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় বিপাকে পড়েছে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।
একইসঙ্গে সঠিকভাবে তদারকি করতে না পারায় বাধাগ্রস্থ হচ্ছে উন্নয়ন কর্মকান্ড।
এলজিইডির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তদারকি করতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রকৌশলীকে।
তবে এ শূন্য পদ গুলোতে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিকবার চাহিদা চাওয়া হলেও তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিচ্ছে না।
২১টি পদের বিপরীতে বর্তমানে উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী ১ জন, সার্ভেয়ার ১ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, নিরাপত্তা প্রহরী ১ জন এবং কার্য সহকারী পদে ২ জন মাত্র সাত জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন এ দপ্তরটিতে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী লায়লা মিথুন জানান, গুরুত্বপূর্ণ পদগুলোয় জনবল না থাকায় সময় মতো অফিসের কাজ শেষ করা যাচ্ছে না।
দ্রুত শূন্য পদগুলোয় জনবল নিয়োগ করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।

















