ইমাম সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: October 30, 2023 |
inbound6841146610806062721
print news

জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এ যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত হন সরকারপ্রধান।

পরে বিশেষ অতিথি ও সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রীসহ অন্যদের সঙ্গে সম্মেলন মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে একই অনুষ্ঠান থেকে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করবেন।

এর মধ্যদিয়ে সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩০০।

ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ৯ হাজার ৪৩৫ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করে।

পর্যায়ক্রমে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

আজ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধনের পর এর সংখ্যা ৩০০ দাঁড়াবে।

Share Now

এই বিভাগের আরও খবর