কেন্দুয়ার যুবক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট: November 1, 2023 |
inbound6009572905995808343
print news

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় জায়গা নিয়ে পূর্ব বিরোধ ও শিশুদের খেলাধুলার ঘটনার জেরে ছুরিকাঘাতে বাদশা মিয়া (১৮) নামে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামী মো. সারোয়ার (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সারোয়ার উপজেলার মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী ছয়দুন গ্রামের আবুল হাসেমের ছেলে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে সোমবার (৩০ অক্টোবর) দিনগত গভীর রাতের দিকে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান ওসি।

মামলা, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, তবিয়ারগাতী ছয়দুন গ্রামের আবুল কাশেমের সাথে জায়গা জমি নিয়ে একই গ্রামের আবুল হাসেমের পূর্ব বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে আবুল কাশেমের ছেলে বাদশা মিয়ার সাথে আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়ার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সারোয়ার ধারালো ছুরি দিয়ে বাদশার শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন বাদশাকে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহত বাদশা মিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে সারোয়ারকে প্রধান আসামী করে ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে গত সোমবার (৩০ অক্টোবর) কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর