আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: November 5, 2023 |
inbound8916602693010331005
print news

ইসলামিক সহযোগিতা সংস্থা ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি ওমরাহ করবেন তিনি।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ (রোববার) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

এর আগে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সৌদি নারী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।

এছাড়া মদিনায় অবস্থানকালে সন্ধ্যায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতিহা পাঠ করবেন শেখ হাসিনা।

আগামীকাল সোমবার সকালে ট্রেনে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে শ্রমবাজার ও বিনিয়োগ গুরুত্ব পাবে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর