কেন্দুয়ায় অবরোধ প্রতিরোধে অসীম কুমার উকিলের নেতৃত্বে মটর সাইকেল শোডাউন

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
বিএনপি-জামাতের দেশব্যাপী ২য় ধাপের ২ দিনের অবরোধের ১ম দিনে সাধারণ জনমনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়।
স্বাভাবিক রয়েছে জনজীবন। বিএনপির ডাকা অবরোধ প্রতিরোধে
কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল নেতৃত্বে মটর সাইকেল শোডাউন করা হয়েছে।
রোববার (০৫ নভেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি অসীম কুমার উকিলের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মটর সাইকেল শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের বিরুদ্ধে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের শ্লোগান দেয়।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মী শক্ত অবস্থানে রয়েছে। পাশাপাশি কেন্দুয়া থানা পুলিশ মাঠে কঠোর সর্তক অবস্থায় রয়েছে।
অপর দিকে সারাদিন বিএনপি সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়েনি, এমনকি অবরোধ সমর্থিত দলের কোন নেতা কর্মীদেরও দেখা যায়নি।
এদিকে সকাল থেকেই বিএনপির ডাকা অবরোধের ১ম দিনে যে কোন নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দলীয় কার্যালয়ে শক্ত অবস্থানে রয়েছে আ.লীগের দলীয় নেতাকর্মীরা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।













