লাশবাহী গাড়িতে ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: লাশবাহী ফ্রিজিং গাড়ীতে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকা হতে ১৪৪ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী গাড়ীটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, রাজধানী ঢাকার তুরাগ থানাধীন মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল সবুর (৪২), ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন বিরামপুরের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ তহিদুল ইসলাম (৩৫)।
র্যাব জানায়,গত ২২ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর হতে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ীতে মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুরে সাবেক মন্ত্রীর বাড়ীর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির একপর্যায় উক্ত মাদক পরিবহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ীতে চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে উক্ত গাড়ীর ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে তাদের গাড়ীতে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।
উক্ত ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ীর মাঝের কেবিন থেকে হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত আনুমানিক দুই লক্ষ আটাশি হাজার টাকা মূল্যর ১৪৪ বোতল ফেন্সিডিলসহ উক্ত ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি লাশবাহী ফ্রিজিং গাড়ী জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ-১,২৯০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়ীতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
