ফরিদপুরে আগামী সংসদ নির্বাচনে নৌকা পেলেন যারা

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নামের এই তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এতে ফরিদপুর জেলায় নৌকার মনোনয়ন পেলেন যারা; ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
প্রার্থীতা ঘোষণার পর ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিজয় মিছিল এর আয়োজন করা হয়। নৌকার প্রার্থীদের সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।





















