লালমনিরহাটে ভারতীয় ২১ লক্ষ রুপি উদ্ধার

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাটা) প্রতিনিধি:
মঙ্গলবার বিকেলে উপজেলার সিংগীমারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের বাংলাদেশের অভ্যন্তর থেকে এ রুপি উদ্ধার করা হয়।
জানা গেছে, ১৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে উপজেলার সিংগীমারী সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে ঘোরাফেরা করতে দেখে সিংগীমারী বিওপি ক্যাম্পের টহলরত দলের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
এ সময় তাদের শরীর তল্লাশি করে কোন কিছু না পেয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পরে বিজিবি ওই এলাকায় বিভিন্ন স্থানে জোড়ালো তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি গর্ত থেকে প্রায় একুশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত ভারতীয় রুপি উদ্ধার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ লক্ষ পাঁচ হাজার ছয়শত ষাট টাকা।
পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সিংগীমারী সীমান্ত এলাকায় মাটির নিচে পুঁতে রাখা প্রায় একুশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় রুপি লালমনিরহাট ট্রেজারি অফিসে জমার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার কর্মরত (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি নির্বাচনি কাজে বাইরে আছি। বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।



