এ দেশের মানুষ নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দেবে না : নিখিল

আপডেট: January 7, 2024 |
boishakhinews 56
print news
মানুষ নৌকা ব্যতীত অন্য কোনো প্রতীকে ভোট দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল। আজ রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে রাজধানীর মিরপুরে অবস্থিত বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।

নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যার প্রতীক নৌকা প্রতীক। এই নৌকাই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে।

অতএব, এ দেশের মানুষ নৌকা ব্যতীত অন্য কোনো প্রতীকে ভোট দেবে না বলে আমি আশা করি। এ এলাকার মানুষ আনন্দ উৎসব করতে করতে ভোটকেন্দ্রে আসছেন। পাশাপাশি ওনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আমি আশাবাদ ব্যক্ত করছি, শেষ পর্যন্ত একটা সুষ্ঠু পরিবেশ ভোটকেন্দ্রে থাকবে।
সবাই মিলে আমরা একটা উৎসবমুখর পরিবেশে দেশ ও জাতির স্বার্থে আমরা একটি সুন্দর নির্বাচন বিশ্ববাসীকে দিতে চাই এবং বাংলাদেশকেও দিতে চাই।’ 

অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যারা অভিযোগ করেছে যে আমার কর্মীরা তাদের এজেন্ট বের করে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন, কোন বুথ থেকে আমার কর্মীরা তাদের এজেন্টকে কখন বের করে দিয়েছে।’

মহানগর উত্তর আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যদি মহানগর উত্তরের নেতাই হবেন বা আওয়ামী লীগ করবেন তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামির আপন ভাগিনা কেটলি মার্কা প্রতীকে নির্বাচন করতে পারতেন না।’

প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে নিখিল বলেন,  ‘আমি অনুরোধ করব, যারা যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সবারই পূতঃপবিত্র দায়িত্ব এই নির্বাচনকে ঘিরে যেন বঙ্গবন্ধুকন্যা সরকার, নির্বাচন কমিশন এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সজাগ থাকা।

আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না, যাতে দেশ প্রশ্নবিদ্ধ হয়।
Share Now