দেশের মানুষ বিএনপির অবৈধ হরতাল প্রত্যাখ্যান করে ভোট দিচ্ছেন : মো. তাজুল ইসলাম

আপডেট: January 7, 2024 |
boishakhinews 66
print news

স্থানীয়, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি কুমিল্লার লাকসাম রেলওয়ে এ. মালেক ইনস্টিটিউট কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকারমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বারবার নির্বাচিত হয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজকের নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে।

মন্ত্রী আরও বলেন, আফ্রিকার অনেক দেশে গণতন্ত্র না থাকায় সেখানে আশানুরুপ উন্নয়ন হচ্ছে না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ কারণে দেশে মাইলফলক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপি, জামায়াতের অবৈধ হরতাল প্রত্যাখ্যান করে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

 

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, অগ্রযাত্রার কথা বিবেচনায় নিয়ে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। মন্ত্রী ভোট প্রদান শেষ লাকসামের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মনোহরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।

Share Now