পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে : সাঈদ খোকন

আপডেট: January 7, 2024 |
boishakhinews 67
print news

 

মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। যে আশঙ্কা করা হয়েছিল, দেশের গ্রাম ও শহরের মানুষ ভোট দিয়ে সে আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা যে সঠিক, এটি প্রমাণিত হয়েছে।’

আজ রোববার সাঈদ খোকন নিজের ভোট প্রদান শেষে এসব কথা বলেন। দুপুর ১২টায় পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভোট দেন।

ঢাকা-৬ আসনে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম এবং ভোট প্রদানের হারও কম—এমন প্রশ্নে সাঈদ খোকন বলেন, ‘যত বেশি মানুষ ভোট দেবে, তত ভালো। তবে আমি এতেই সন্তুষ্ট।’

সাঈদ খোকনের সঙ্গে তাঁর মা, স্ত্রী ও সন্তানেরাও একই কেন্দ্রে ভোট দেন। এদিকে সাঈদ খোকন ভোট দিতে এলে কেন্দ্রটিতে দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যদেরও সাঈদ খোকনের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

Share Now