তরিকত ফেডারেশন থেকে আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আসিফের পদত্যাগ

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ পদত্যাগ করছেন।
তিনি ডাক যোগে রেজিষ্ট্রি করে কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব বরাবর এ পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে সোমবার (১৫ জানুয়ারি ) দুপুরে তিনি নিশ্চিত করেন।
অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসন থেকে তরিকত ফেডারেশনের মনোনয়ন নিয়ে ফুলের মালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই দলের প্রার্থী হয়ে অংশ গ্রহণ করেছিলেন।
দলীয় গঠনতন্ত্র বর্হির্ভূত কর্মকান্ড, একক আত্মঘাতী সিদ্ধান্ত,স্বেচ্ছাচারিতা, নেতাকর্মীদের অবমূল্যায়নজনিত কারণে অ্যাড.আসিফ দলের পদ-পদবীর দায়িত্ব থেকে সরে যান বলে তিনি তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্ষুদে বার্তায় অ্যাডভোকেট ফেরদৌস আসিফ বলেন, গত ৩ জানুয়ারি দলের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করায় আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ – ২ আসনের ভোটার ও জনমনে বিরুপ প্রভাব পড়ার কারণেই মূলত আমি দল থেকে পদত্যাগ করি।
কোনো দলের না হয়ে আইন পেশার পাশাপাশি জনগনের সেবা করতে চান তিনি ।
ফেরদৌস আহমেদ আসিফ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইনজীবি হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের চাঁন মিয়ার পুত্র।













