সিংগাইরে মেলাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা , অভিযোগ দায়ের

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কবরস্থান পাড়া এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই প্রয়াত হবাই ফকিরের নামে শুরু হয়েছে তিনব্যাপী মেলা।
মরহুম হাবিবুর রহমানের দুই ছেলে শহিদুল ইসলাম ও কোহিনূর ইসলাম এ মেলার আয়োজন করলেও তাদের বড় ভাই আবেদ আলীসহ পরিবারের অন্যদের রয়েছে ঘোর আপত্তি।
মেলা আয়োজনের নামে গত কয়েক বছর ধরে শহিদুল ইসলাম ও কোহিনূর ইসলাম শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে আবেদ আলী গত রোববার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তার পরেও সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয়েছে এ মেলা। এ নিয়ে মৃত হবাই ফকিরের ছেলেরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে।মেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত বন্ধ না হলে সংঘর্ষের আশংকা স্থানীয় বাসিন্দাদের ।
অভিযোগকারী জানান, আমার সৎ ভাই শহিদুল ও কোহিনূর মেলার নামে বাবার কবরে সিজদা দেয়, গান- বাজনাসহ মদ্যপানের পাশাপাশি গাঁজা সেবনের ব্যবস্থা থাকায় আমি মেনে নিতে পারছি না ।
মেলার আয়োজক কোহিনূর ইসলাম বলেন, কিছু অর্ধেক হুজুর হয়েছে। যারা শরীয়ত মানে, মারফত মানে না। তারাই এ সমস্যার সৃষ্টি করছে।
ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, আমি যতটুকু শুনেছি, মেলার নামে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। ওখানে মসজিদ – মাদরাসা ও কবরস্থান রয়েছে। ওই মেলা নিয়ে তাদের পরিবারসহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে ও স্বীকার করেন তিনি।
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, আমি ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মেলা বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, মেলায় অসামাজিক ও অপরাধমূলক কোনো কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলার অবনতি দেখা দিলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।



















