বাংলাদেশে এলেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি

আপডেট: January 27, 2024 |
boishakhinews 240
print news

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ অষ্টম দিন। রাজধানীর নির্বাচিত ছয়টি ভেন্যুতে উৎসবের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে। আগামীকাল পর্দা নামবে এই উৎসবের। উৎসব শেষ হওয়ার আগের দিন ঢাকার দর্শকদের সামনে প্রথমবারের মতো এলেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি।

আজ দুপুরের দিকে তিনি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর মিলনায়তনে আসেন। আড়াইটার দিকে তিনি অংশ নেন উৎসব আয়োজকদের মাস্টারক্লাসে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দুই ঘণ্টা ব্যাপ্তির এই সেশনে অংশ নেন তিনি।

মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ তরুণীসহ বিদেশি অতিথিদেরও।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, শনিবার পুরো দিনটি মূলত মাস্টারক্লাসের জন্য নির্ধারিত ছিল। সকাল ১১টায় চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ানের মাস্টারক্লাসটি শেষ হয় পৌনে ১টা নাগাদ। দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় মাজিদ মাজিদির সেশন। তারপর একের পর এক সেশন অংশ নেন ভারতীয় নির্মাতা, অভিনেতা ও শিল্পী অঞ্জন দত্তের মাস্টার ক্লাস।

বিশেষ এই সেশনে যোগ দিতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছান কালজয়ী ছবি ‘চিলড্রেন অব হেভেন’-এর নির্মাতা মাজিদি। এ ছাড়াও আগামীকাল তিনি উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী আলোচিত ‘চিলড্রেন অব হেভেন’ ছাড়াও মাজিদির বেশ কিছু সিনেমা সমাদৃত। এর মধ্যে ‘বারান’, ‘দ্য ফাদার’, ‘সং অব স্পেরো’, ‘দ্য উইলো ট্রি’ এবং ‘দ্য মেসেঞ্জার অব গড’ উল্লেখযোগ্য।

Share Now

এই বিভাগের আরও খবর