সিঙ্গাইরে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে।
পাশের দোকানের লোকজন আগুন দেখে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।
এরই মধ্যে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । এসময় মালামালসহ দোকানগুলো পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে হলেন- পবন,মিস্টার, কালাম মগর আলী,আনোয়ার হোসেন, আজিজুল হক, মালেক,সাকিল, গোলাপ শাহ্,চান গোপাল, সিদ্দিক ও কুদ্দুস।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে ও জানান তিনি।
