বইমেলা উপলক্ষ্যে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

আপডেট: February 11, 2024 |
print news

অমর একুশে বইমেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, অমর একুশে বইমেলা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছুটির দিনগুলোর বিকালে এবং অন্যান্য দিন সন্ধ্যায় মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে।

এর ফলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অত্যাধিক যানবাহনের চাপ পরিলক্ষিত হওয়ায় নাগরিকদেরকে উল্লিখিত সময়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিহার করে নিম্নলিখিত ট্রাফিক রুট অনুসরণ করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

১. যেসব যানবাহন ব্যবহারকারী ভিআইপি রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা বিকল্প রোড হিসেবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (সাতরাস্তা-মগবাজার-কাকরাইল মসজিদ) ব্যবহার করতে পারবেন।

২. যেসব যানবাহন ব্যবহারকারী মিরপুর রোড-এলিফ্যান্ট রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা মিরপুর রোডে নিউমার্কেট-আজিমপুর-পলাশী-চানখারপুল এলাকা ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।

৩. যেসব যানবাহন ব্যবহারকারী পুরাতন হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর হয়ে নীলক্ষেত-নিউ মার্কেট, আজিমপুর অথবা এলিফ্যান্ট রোডের দিকে যেতে চান তারা সরকারি কর্মচারী হাসপাতাল-নিমতলি-শহীদুল্লাহ হল ক্রসিং-শহীদ মিনার-পলাশী হয়ে যেতে পারবেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া যানবাহন পার্কিং নিরুৎসাহিত করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-রমনা বিভাগ অমর একুশে বইমেলা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Share Now

এই বিভাগের আরও খবর