নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের জাতীয় দলের নতুন অধিনায়ক

শুরুতে ওয়ানডে বিশ্বকাপ, এরপর জাতীয় নির্বাচনের জন্য বিলম্বিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক। সেই বিলম্ব দীর্ঘায়িত হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান মন্ত্রীর দায়িত্ব পাওয়ায়। দীর্ঘ আট মাস পর আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে এই বোর্ড সভা হয়। যেখানে জাতীয় দলের অধিনায়কত্ব ও নির্বাচক প্যানেলে পরিবর্তনসহ একাধিক সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, সাকিব আল হাসান আর বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক থাকছেন না। তাঁর পরিবর্তে আপাতত এক বছরের জন্য নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে গত ৩১ ডিসেম্বর শেষ হয় নির্বাচক প্যানেলের দুই সদস্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ। তাঁদের জায়গায় নতুন দুজনকে নিয়োগ দিয়েছে বিসিবি।
সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করে সেই কমিটিতে রাখা হয়েছে হান্নান সরকারকে। নাজমুল বলেন, ‘এখানে আরো দুজন আছে। খান আব্দুর রাজ্জাক আর হান্নান সরকার।’ আব্দুর রাজ্জাক আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন।
গাজী আশরাফকে নিয়ে নাজমুল বলেন, ‘উনি আসতে চান কি না বা রাজি আছেন কি না এটা নিয়ে আলোচনা ছিল। যখন জানলাম উনি আসতে চান, তখন আমরা এক বাক্যে হ্যাঁ বলেছি।’





