সাকিবের রাজত্ব কেড়ে নিল আফগানিস্তানের মোহাম্মদ নবী

আপডেট: February 14, 2024 |
boishakhinews 89
print news

 

ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষস্থানে ছিল সাকিব আল হাসানের রাজত্ব। প্রায় পাঁচ বছর সিংহাসনটি নিজের দখলে রেখেছিলেন। সাকিবের সেই রাজত্ব কেড়ে নিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

 

সর্বশেষ র‌্যাংকিং বুধবার প্রকাশ করেছে আইসিসি।

আফগান অলরাউন্ডার রশিদ খানের কাছ থেকে ২০১৯ সালের ৭ মে শীর্ষস্থানটি দখলে নেন সাকিব। তার পর রাজত্ব করেছেন ১ হাজার ৭৩৯ দিন। ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে এতদিন নিরবচ্ছিন্নভাবে থাকতে পারেনি আর কেউ। কিন্তু সাম্প্রতিক সিরিজগুলোয় সাকিবের ইনজুরি, পাশাপাশি শ্রীলংকা সিরিজে নবীর দারুণ ফর্ম র‌্যাংকিংয়ের এই পরিবর্তনে ভূমিকা রেখেছে।

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৬ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন নবী। একই ম্যাচে বল হাতেও নিয়েছেন একটি উইকেট। তাতে এক ধাপ এগিয়ে দখলে নিয়েছেন অলরাউন্ডারের এক নম্বর আসন।

বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তাতে। এগিয়েছেন সাত ধাপ। ৩১৪ রেটিং নিয়ে নবী শীর্ষে। ৩১০ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। ২৮৮ রেটিং নিয়ে তিনে সিকান্দার রাজা।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে কেশব মহারাজ তার শীর্ষস্থান দখলে রাখতে পেরেছেন। শ্রীলংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অবশ্য এগিয়েছেন ১৪ ধাপ। বর্তমানে তার র্যাংকিং ২৬।

ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের অপরাজিত ইনিংসে পাঁচ ধাপ এগিয়েছেন চারিথ আসালাঙ্কা। তার র্যাংকিং এখন ১৫। সিরিজ ওপেনারে ডাবল সেঞ্চুরি হাঁকানো পাথুম নিসাংকা লাফ দিয়েছেন ১০ ধাপ! তার র্যাংকিং এখন ১৮তম।

Share Now

এই বিভাগের আরও খবর