কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিজয়

বেশ দাপট দেখানো ক্রিকেট খেলেই জয়ের ধারায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে আজ সিলেট স্ট্রাইকার্স থামিয়েছে কুমিল্লার জয়যাত্রা। এ জন্য বোলারদের দুষছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। সিলেটের ইনিংসের প্রথম ১১ ওভার পর্যন্ত অবশ্য ম্যাচ কুমিল্লার নিয়ন্ত্রণেই ছিল।
তখন ৪ উইকেট হারিয়ে ৭৪ রান ছিল সিলেটের। এখান থেকে শেষ ৯ ওভারে ১০৩ রান তোলে দলটি। পঞ্চম উইকেটে বেনি হাওয়েল ও আরিফুল হক ৭৮ রান যোগ করেন। ম্যাচের এই অংশে স্পিনাররা জঘন্য বোলিং করেছেন বলে মনে করেন লিটন।
মুস্তাফিজুর রহমান না থাকার অভাববোধ করেছেন কি না এমন প্রশ্নে লিটন বলেছেন, ‘মুস্তাফিজেরও তো খারাপ দিন গিয়েছে। এই উইকেটেই গিয়েছে। তখন কী উত্তর দিতাম। আমার কাছে মনে হয়, আমরা ১২ থেকে ১৬ ওভার স্পিন বোলিং খুব জঘন্য করেছি।
জঘন্য বলতে পারি না আমি। খারাপ বল করেছি। দুজন নতুন ব্যাটার ছিল। আমাদের এখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি, যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলার। ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি।
‘
শেষ পর্যন্ত সিলেটের ইনিংস থামে ১৭৭ রানে। লিটন জানিয়েছেন, ‘এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ হলে সহজ হতো।’ ব্যাটিং সহজ ছিল না জানিয়ে কুমিল্লার অধিনায়ক আরো যোগ করেন, ‘এতোটা সহজ উইকেট ছিল না, ডাবল পেস ছিল। তবু আমরা খুব ভালো ব্যাটিং করেছি। যদি ১৬ থকে ২০ ওভার পর্যন্ত আর দুটি ছয় মারতে পারতাম, যে ধরনের খেলোয়াড়রা আমাদের হাতে আছে, তারা মারার জন্য যথেষ্ট সামর্থ্য রাখে। হয়নি। এটাই ক্রিকেট।’



