কুষ্টিয়ায় মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আজিবার রহমান (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের মরহুম আরশেদ আলীর ছেলে।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে মিরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আজিবার চুরি পেশার সাথে জড়িত বলে স্থানীয়রা জানায়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


