বিএনপি পাকিস্তানকে অনুসরণ করে ভারত বিরোধীতা শুরু করেছে: কাদের

আপডেট: March 23, 2024 |
inbound5415966522006992323
print news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বিএনপি। রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারতবিরোধী ইস্যু সামনে আনছে।

আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল, জনগণের দল আর বিএনপি ক্ষমতার দল, নিজেদের পকেট উন্নয়নের দল। জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা।

তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, লুটে পুটে হাওয়া ভবন করার সুযোগ নেই। হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না। কারণ এই দল ক্ষমতাকেন্দ্রিক দল, মানুষের দল না।

জনগণের দল আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি। এটাই দুই দলের পার্থক্য।

তিনি বলেন, চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি। তারা যখন কোনো রাজনৈতিক ইস্যু না পায়, তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে। বঙ্গবন্ধুর আমলেও করেছে, এখন শেখ হাসিনার আমলে এবারও তাই করছে।

বয়কট ইস্যুতে বিএনপি নেতাদের ঐক্য নেই দাবি করে সেতুমন্ত্রী বলেন, বয়কট আন্দোলন করছে তারা। কিন্তু তাদের নিজেদের বক্তব্যে মিল নেই। হাফিজ বলে এক কথা, রিজভী বলে আরেক কথা, মহাসচিব সিঙ্গাপুর থেকে বলে ভিন্ন কথা।

তিনি বলেন, বিএনপি ইফতার পার্টি করে। নিজেরা খাওয়ার আয়োজন করে। আর আমরা ইফতারিসামগ্রী বিতরণ করি। মানুষের খাবারের ব্যবস্থা করি।

দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে।

ঢাকা জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা জেলা সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর