পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট: June 16, 2024 |
inbound6534578637495811780
print news

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) যশোর সদরের চুড়ামনকাটির আব্দুলপুর বাজারে এবং যশোর-নড়াইল সড়কের আয়াপুর ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়।

এদিন সকালে যশোর সদরের চুড়ামনকাটির আব্দুলপুর বাজারে সড়ক দুর্ঘটনায় মইজ্জদি (৬০) নামের একজন নিহত হন। তিনি দোগাছিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানান, মইজ্জদি সকালে বাইসাইকেলে করে আব্দুলপুর বাজারে তরকারি বিক্রি করার জন্য যান। সেখানে পৌঁছানোর পর রাস্তার উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এ সময় মইজ্জদি আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।

অপরদিকে যশোর-নড়াইল সড়কের আয়াপুর ফুলতলা মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর আলী (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত গোলাম রহমান সরদারের ছেলে।

মৃতের ভাগ্নে ইসরাইল মোল্যা জানান, পার্শ্ববর্তী রুস্তমপুর ফিড মিলে কাজ শেষে মোটরসাইকেলে তার মামা ওমর আলী বাড়ি ফিরছিলেন। এ সময় আয়াপুর ফুলতলা মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওমর আলীর মৃত্যু হয়।

বাসটি রাস্তার বামপাশে ছিটকে পড়ে। অন্যদিকে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসক সুবীর কুমার বিশ্বাস জানান, হাসপাতালের আনার আগেই ওমর আলীর মৃত্যু হয়েছে।

Share Now