পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আজ

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে লাগাতার সর্বাত্মক কর্মবিরতিতে যান প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু করেন তারা।
জানা গেছে, পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সভা করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
এর আগে টানা ১৫ দিন অবস্থান কর্মসূচি পালন করলেও আশানুরূপ সাড়া পাননি শিক্ষকরা।
পরবর্তীতে ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর আর মাঠের কর্মসূচি ছিল না শিক্ষকদের।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার বিকেলে সভা অনুষ্ঠিত হবে।
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়।
এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা।
