ফের ৪ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

আপডেট: September 24, 2024 |
inbound3673180033319651117
print news

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুল এলাকায় মোহাম্মদ ইসমামুল হক (১৬) নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট চানখারপুলে গুলির ঘটনায় মোহাম্মদ ইসমামুল হক নামে একজন কিশোর নিহত হয়। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এজহারভূক্ত আসামি।

গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আট দিনের রিমান্ডে পাঠায় আদালত।

Share Now