আবারও মা হতে চলেছেন মেগান ফক্স

আপডেট: November 12, 2024 |
boishakhi news 27
print news

হলিউড অভিনেত্রী মেগান ফক্স আবারও মা হতে চলেছেন। সোমবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যমে অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী। সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে দাম্পত্য জীবনে প্রথম সন্তানের জন্ম দিতে প্রস্তুত মেগান। এর আগে প্রথম সংসারে তিন সন্তান রয়েছে মেগানের।
সোমবার ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন মেগান ফক্স। একটিতে তার বেবিবাম্প, অন্যটিতে প্রেগন্যান্সি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাই।
এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি। এক বছর আগে এ জুটি বাবা-মা হতে যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ মেগানের গর্ভপাত হয়। তবে এবার সুসংবাদ দিলেন অভিনেত্রী।
মেগান ফক্সের দাম্পত্য জীবন বেশ আলোচিত। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের। তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান। সর্বশেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স।
এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার।
ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স। মেশিনের আসল নাম রিচার্ড কোলসন বেকার। বয়সে তিনি মেগানের চার বছরের ছোট। ২০২০ সালের জুন মাস থেকে মেগান আর মেশিনের প্রেম শুরু। ২০২২ সালের জানুয়ারিতে তারা বাগদানের ঘোষণা দেন।

Share Now